চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং সরকারকে বেকায়দায় ফেলার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ জানান, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি এবং আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালাতেই একটি নিষিদ্ধ সংগঠন এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি আহসান হাবীব পলাশ ঘটনার নেপথ্যের রহস্য উন্মোচন করেন। তিনি বলেন, তদন্তে দেখা গেছে আন্তর্জাতিক মহলে সংখ্যালঘু নির্যাতনের ভুল বার্তা দিয়ে সরকারকে বিতর্কিত করাই ছিল এই হামলার মূল লক্ষ্য। পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে উসকানিমূলক ব্যানার, কেরোসিন তেলভর্তি কন্টেইনার এবং তেলমাখা পোশাক উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে যাতায়াতে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মনির হোসেন, ওমর ফারুক, কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, লোকমান ও পারভেজ। ডিআইজি জানান, পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে এই ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
রুমেন চৌধুরী/রাজধানী