মাদারীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক আনসার সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোনে উত্তরপত্রসহ তাদের হাতেনাতে ধরা হয়। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে শনিবার আদালতে পাঠানো হবে।
সারাদেশে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে মাদারীপুরে ধরা পড়েছেন এক পরীক্ষার্থী ও তার সহযোগী। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে বসেন অমৃত মণ্ডল নামে এক যুবক। পরীক্ষা চলাকালে তার কাছে থাকা একটি স্মার্টফোন তল্লাশি করে সেখানে চলমান প্রশ্নের উত্তরপত্র পাওয়া যায়। অমৃত মন্ডল পেশায় একজন আনসার সদস্য এবং তিনি ঢাকার মতিঝিল থানায় কর্মরত।
একই সময়ে চরমুগরিয়া মহাবিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে লাভলী বেগম নামে এক নারীকে আটক করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার কাছে থাকা উত্তরপত্রের সাথে পরীক্ষার মূল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়। পরে তাদের দুজনকে সদর থানায় সোপর্দ করা হয়। মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন যে, প্রশ্ন ফাঁস বা ডিজিটাল জালিয়াতি চক্রের সাথে তাদের কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।