নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে বিজিবির দুটি বড় অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সশস্ত্র মাদক কারবারিদের সাথে বিজিবির প্রায় এক ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। বিজিবির পাল্টা আক্রমণের মুখে চোরাকারবারিরা ইয়াবার বস্তাগুলো ফেলে মিয়ানমার সীমান্তের গহীন জঙ্গলে পালিয়ে যায়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই ইয়াবার বড় চালান উদ্ধারের ঘটনা।
বিজিবি সূত্রে জানা গেছে, রামু সেক্টরের নির্দেশনায় প্রথম অভিযানটি চালানো হয় হ্নীলা বিওপি এলাকায়। সেখানে নাফ নদী পার হয়ে আসা একদল সশস্ত্র কারবারিকে চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে পাচারকারীরা ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা ফেলে পালিয়ে যায়।
পরিস্থিতি সামাল দিতে অভিযানে বিজিবির সাথে যোগ দেয় নৌবাহিনী, র্যা ব ও পুলিশ সদস্যরা।
একই রাতে উখিয়া ব্যাটালিয়নের অন্য একটি দল হোয়াইক্যংয়ের মনিরঘোনা এলাকায় অভিযান চালিয়ে আরও ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। জব্দকৃত বিপুল পরিমাণ এই মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে এবং পলাতক কারবারিদের শনাক্ত করতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও যৌথ টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে।
মোহাম্মদ নাছিম/রাজধানী