এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের তীরন্দাজরা দারুণ পারফর্ম করেছেন। কম্পাউন্ড নারী এককে বন্যা আক্তার নিজের ব্যক্তিগত সেরা ৬৯৩ স্কোর করে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছেন এবং সামগ্রিকভাবে ১২তম স্থান দখল করেছেন।
অন্যদিকে, রিকার্ভ পুরুষ এককে রাম কৃষ্ণ সাহা ৬৬৮ স্কোর নিয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছেন। দুই আরচ্যারই নকআউট রাউন্ডে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী।
তীরন্দাজী এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে কোয়ালিফিকেশন পর্ব শেষে আলো ছড়িয়েছেন বাংলাদেশের আরচ্যাররা। কম্পাউন্ড নারী ও রিকার্ভ পুরুষ—দুই বিভাগেই এসেছে ব্যক্তিগত সাফল্য।
কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের আরচ্যারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন বন্যা আক্তার।
তিনি ৬৯৩ স্কোর করে নিজের ক্যারিয়ার সেরা স্কোর করেছেন এবং ১২তম স্থানে রয়েছেন। এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে বন্যা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এটি আমার প্রথম ক্যারিয়ার সেরা স্কোর। এখানে বাতাস সত্ত্বেও আমি আমার অনুশীলনের স্কোরটা দিতে পেরেছি, যা নকআউট রাউন্ডের জন্য আমার আত্মবিশ্বাস বাড়াবে। এই ইভেন্টে ভারতের দীপশিখা ৭০৫ স্কোর গড়ে প্রথম হয়েছেন।
এদিকে, রিকার্ভ পুরুষ এককের ৬২ জন প্রতিযোগীর মধ্যে ৬৬৮ স্কোর নিয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছেন রাম কৃষ্ণ সাহা। তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, নকআউট রাউন্ডে যেকোনো কিছুই ঘটতে পারে। আমি আমার সেরাটা দিতে পারলে অবশ্যই একটি পদক আশা করতে পারি। ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগে ৬৮৭ স্কোর নিয়ে পুরুষ বিভাগে সেরা হয়েছেন।
রিকার্ভ পুরুষ বিভাগে বাংলাদেশের অন্য আরচ্যারদের মধ্যে মোহাম্মদ রাকিব (৬৪৭ স্কোর) ৩২তম, সাগর ইসলাম (৬৩৯ স্কোর) ৩৮তম এবং আব্দুর রহমান আলিফ (৬৩৭ স্কোর) ৪১তম স্থান পেয়েছেন।
এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে রাম কৃষ্ণ সাহা সরাসরি সেরা-১৬ তে পৌঁছে গেছেন, এবং বাকি তিন পুরুষ আরচ্যারও 'বাই' পেয়ে পরের ধাপে উঠেছেন।
কম্পাউন্ড নারী এককে কুলসুম আক্তার (৬৮৮ স্কোর) ১৭তম, পুষ্পিতা জামান (৬৮০ স্কোর) ২৪তম ও মিথিলা আক্তার (৬৬২ স্কোর) ৩২তম হয়েছেন। এই বিভাগেও চারজনের মধ্যে তিনজন 'বাই' পেয়ে ১/১৬-এর মঞ্চে পৌঁছেছেন।
এছাড়া, পুরুষ দলগত রিকার্ভে বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে এবং কম্পাউন্ড নারী দলগত বিভাগে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাজাখস্তানের মুখোমুখি হবে।