দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে ফিরেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন গতির রাজা নাহিদ রানা।
বুধবার (১১ মার্চ) সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের প্রথম ‘ফাইফার’ (৫ উইকেট) তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার। তার আগুনে বোলিংয়ে কুপোকাত হয়ে মাত্র ৬৯ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারী পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের আস্থার পূর্ণ মর্যাদা দিয়ে শুরু থেকেই পাক ব্যাটারদের ওপর চড়াও হন নাহিদ রানা। ১৪৫ কিলোমিটারের ওপর গতি তুলে একা নাহিদই তাসের ঘরের মতো ভেঙে দেন পাকিস্তানের টপ অর্ডার।
নাহিদের শিকার হওয়া পাঁচ ব্যাটারের মধ্যে রয়েছেন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান, টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা এবং সাহিবজাদা ফারহান। এছাড়া দুই অভিষিক্ত ব্যাটার মা’জ সাদাকাত ও শামিল হুসাইনকেও সাজঘরে ফেরান তিনি। রানার এই বিধ্বংসী স্পেলে সফরকারীরা বড় সংগ্রহের স্বপ্ন হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছে। বাংলাদেশের মাটিতে নাহিদ রানার এই গতির প্রদর্শনী নতুন করে পেস ইউনিটের সামর্থ্যের জানান দিল।