জাতীয় দলের পর বিপিএলেও ফর্মহীনতায় ভুগছেন জাকের আলী অনিক। তার দল নোয়াখালী এক্সপ্রেস গতকাল চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। বিপিএলে নিজের প্রথম ম্যাচে ১২ বলে মাত্র ৬ রান করে আউট হয়েছেন জাতীয় দলের এই আলোচিত ক্রিকেটার।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলে নিজের জায়গা এবং পারফরম্যান্স নিয়ে নানা সমালোচনার মুখে থাকা জাকের আলী অনিক বিপিএলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। সিলেটের ব্যাটিং স্বর্গে চট্টগ্রাম রয়্যালসের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভরাডুবি হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের। দলটির আটজন ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন, যার মধ্যে চার নম্বরে নামা জাকেরের ইনিংসটি ছিল দৃষ্টিকটু।
মেহেদীর বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২ বলে মাত্র ৬ রান করেন জাকের। জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা এই ক্রিকেটারের এমন অফ-ফর্ম আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নির্বাচকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলছে।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নাটকীয়তায়ও পিছিয়ে নেই জাকেরের দল নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল শুরুর আগে সুযোগ-সুবিধার অভাবে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়েছিলেন কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। যদিও পরে তারা ফিরেছেন, কিন্তু মাঠের খেলায় তার কোনো প্রতিফলন দেখা যায়নি। মাত্র ১০৯ রানে অলআউট হওয়া নোয়াখালীর জন্য এখন ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ।