টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি ঘিরে শ্রীলঙ্কার কলম্বোয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, দুই দলের খেলোয়াড়দের জন্য সার্বক্ষণিক সশস্ত্র প্রহরা এবং স্টেডিয়াম এলাকায় বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। বাংলাদেশের আইসিসি থেকে বাদ পড়ার জেরে ম্যাচটি বয়কটের হুমকি দিলেও শেষ পর্যন্ত মাঠে নামছে পাকিস্তান।
কলম্বো স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইকে কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ লঙ্কান প্রশাসন। পুলিশের মুখপাত্র এফ টি উটলার জানিয়েছেন, ক্রিকেটাররা বিমানবন্দরে অবতরণ থেকে শুরু করে দেশত্যাগ পর্যন্ত সার্বক্ষণিক কঠোর নিরাপত্তার বলয়ে থাকবেন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের প্রতিটি প্রবেশপথ বিকেল ৩টা থেকেই খুলে দেওয়া হবে। দর্শকদের ভিড় এড়াতে ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে মাঠে প্রবেশের অনুরোধ জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আইসিসি বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান প্রথমে ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়েছিল। পরে আইসিসি, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘ আলোচনা ও অনুরোধের পর পাকিস্তান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে খেলায় অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সম্মতি দেয়। এই উত্তেজনাকর পরিস্থিতির পর কলম্বোয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে স্থানীয় সরকার।