চলতি জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার।
আগামী রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবে। একই সাথে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করা হবে।
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণের ঘোষণা আসছে আগামী রবিবার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই তথ্য নিশ্চিত করেছে। মূলত সৌদি আরামকোর জানুয়ারি মাসের জন্য ঘোষিত প্রাইজ কার্ড বা সৌদি সিপি অনুযায়ী প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়। সেই ধারাবাহিকতায় রবিবারের সভায় বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন বাজার দর জানানো হবে।
এর আগে গত ২ ডিসেম্বর সর্বশেষ গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করেছিল কমিশন। রবিবারের ঘোষণায় নতুন বছরের প্রথম মাসে গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, সেই অপেক্ষায় রয়েছেন সাধারণ গ্রাহকরা।