বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, সম্মিলিত ইসলামী ব্যাংক পুনর্গঠনের পর লেনদেন শুরু করতেই গ্রাহকদের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। গত দুই দিনে ব্যাংকটিতে নতুন করে ৪৪ কোটি টাকার আমানত জমা পড়েছে।
সোমবার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আমানতকারীরা টাকা তুলতে পারার পাশাপাশি নতুন করে বিনিয়োগ করায় ব্যাংকের ওপর জনআস্থা ফিরতে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। তিনি জানান, গত দুদিনে ব্যাংকটি থেকে পুরোনো আমানতকারীরা ১০৭ কোটি টাকা তুলে নিয়েছেন, বিপরীতে ৪৪ কোটি টাকা নতুন ডিপোজিট হিসেবে এসেছে। নিট ঘাটতি ৬৩ কোটি টাকা থাকলেও এই প্রবাহকে ইতিবাচক হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক।
কর্মকর্তাদের ভাগ্য ও ব্যবস্থাপনা: গভর্নর স্পষ্ট করেন যে, ব্যাংকের সৎ ও যোগ্য কর্মকর্তাদের ভয়ের কোনো কারণ নেই। প্রায় ১২ হাজার কর্মীর কর্মসংস্থান বজায় থাকবে। তবে ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে যারা অনিয়মে জড়িত ছিলেন, তাদের আইনের আওতায় আনা হবে। ব্যাংকটি সরকারি মালিকানায় থাকলেও এটি কোনো সরকারি পে-স্কেলে চলবে না; বরং বেসরকারি ব্যাংকিং কাঠামোর আদলে একীভূত ও ইউনিফাইড বেতন স্কেলে পরিচালিত হবে।
চ্যালেঞ্জ ও আগামীর পরিকল্পনা:
গভর্নর জানান, ব্যাংকটির সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল করা। পাশাপাশি ডিজিটাল সেবা ও ইউটিলিটি বিল পরিশোধ কার্যক্রম নির্বিঘ্ন করার ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
আস্থার পরিবেশ:
বিভিন্ন শঙ্কা ও নেতিবাচক প্রচারণার কথা উল্লেখ করে গভর্নর বলেন, "দেশ-বিদেশের অনেক পরামর্শক নানা আশঙ্কার কথা বলেছিলেন, কিন্তু আমরা সফলভাবে তা অতিক্রম করতে পেরেছি। আমাদের হাতে আসা তথ্যগুলো বলছে যে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়ছে।" শরিয়াহ ও বাজারভিত্তিক মুনাফার হার নির্ধারণের মাধ্যমে ব্যাংকটি দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।