একীভূতকরণের
প্রক্রিয়ায়
থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
ফলে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন পুঁজিবাজারে বন্ধ থাকবে। লেনদেন স্থগিত করার কারণ হিসেবে ডিএসই জানিয়েছে যে 'ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অ-কার্যকর হিসাবে ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এই পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে, ফলে শেয়ারগুলোর ভ্যালু জিরো হিসেবে বিবেচিত হবে এবং কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না। এই ব্যাংকগুলোতে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা যথেষ্ট বড়, উদাহরণস্বরূপ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬৫ শতাংশের বেশি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। বাংলাদেশ ব্যাংক আরেকটি চিঠির মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছে।