দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় ধরনের রেকর্ড তৈরি হয়েছে। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফা দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানো হয়েছে। এই নতুন দর আজ বিকেল ৪টা থেকেই কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করেছে বাজুস। এর আগে আজ সকালেই ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছিল। কিন্তু দিন শেষ হওয়ার আগেই আরেক দফা বিশাল লাফে স্বর্ণের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায়।
স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা করা হয়েছে। চলতি ২০২৬ সালে এ নিয়ে মোট ২৪ বার স্বর্ণের দাম এবং ১৬ বার রুপার দাম সমন্বয় করা হলো। গত বছর অর্থাৎ ২০২৫ সালেও রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। বিশ্ববাজারের অস্থিরতা এবং দেশীয় বাজারে জোগানের সংকটের কারণেই দফায় দফায় এই দাম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।