মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী। তিনি মাত্র ৫০ বছর বেঁচেছিলেন, কিন্তু বেঁচে থাকতে তাঁর শিল্পকর্মের কদর খুব একটা হয়নি। তাঁর স্ত্রী সুরমা ঘটক বইয়ে লিখেছিলেন: বহুদিন শুনেছি 'লক্ষ্মী! টাকাটা তো থাকবে না, কাজটা থাকবে, তুমি দেখে নিয়ো, আমি মারা যাবার পর সবাই আমাকে বুঝবে। মানুষটি কি ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন? ঋত্বিক ঘটক নিজের চিন্তা প্রকাশ করে গেছেন তাঁর লেখা নানা বইয়ে।
তাঁর সিনেমা, দর্শন আর চরিত্রগুলো এখনো কতটা প্রাসঙ্গিক, তা নির্মাতার সিনেমার দর্শক মাত্রই জানেন। এই জন্মশতবার্ষিকী উপলক্ষে ঋত্বিকের চলচ্চিত্র মানুষ এবং আরো কিছু অবলম্বনে নির্মাতার বয়ানে জেনে নেওয়া যাক তাঁর সিনেমা–দর্শন।
ফরাসি ভাষায় এনগেজ (engage) বলে একটা কথা আছে। আমার মনে হয়, সর্ব শিল্পে সেইটিকে গ্রহণ করা উচিত। নিরালম্ব, বায়ুভূত শিল্প কখনো শিল্পের পর্যায়ে ওঠে না। মানুষটিকে কোথাও না কোথাও আত্মীকরণ করতে হয়। ভালো না বাসলে শিল্প জন্মায় না। এর প্রকাশভঙ্গি বিভিন্ন প্রকারের হতে পারে, শিল্পীর মেজাজের ওপর নির্ভর করে। কিন্তু মূল সূত্রটি সেই সত্যম, শিবম সুন্দরম। ভালো করে তাকিয়ে দেখুন, প্রথমে সত্য। সত্য সিদ্ধ না হলে কোনো শিল্পই শিল্পের পর্যায়ে ওঠে না। এটা প্রথম কথা। শিবম কথাটা বাংলায় খুব প্রচারিত নয়, কথাটার মানে হচ্ছে, যা কিছু শাশ্বত। সেইটাই শাশ্বত, যেটা আপনি আপনার দুঃখ দিয়ে অর্জন করেছেন—যা আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে খুঁজে পেয়েছেন। সুন্দর এর কোনো সংজ্ঞা নেই। এটা সম্পূর্ণ আপনার রুচির ওপর নির্ভরশীল। সৌন্দর্যের কোনো মান নেই। দেশে দেশে, কালে কালে, সৌন্দর্যের মান বিবর্তিত হয়েছে, কিন্তু সত্য এবং শিবকে অস্বীকার করে যে সুন্দর দাঁড়ায়, তাকে ঘৃণা করা ছাড়া আর কিছু করার নেই।
আমার পক্ষে আধুনিক বাংলা ছবি সম্পর্কে বলা খুব কঠিন। আমি বাংলা ছবি প্রায় দেখি না। দেখলেই কষ্ট হয়। আমাদের মতো একটা দেশ, যার কোনো তুলনা নেই, আমাদের দেশের চলচ্চিত্র নির্মাণকারীরা সে দেশ সম্পর্কে কোনো খোঁজখবর রাখেন বলে মনে হয় না। এইজন্য আমি যেটুকু দেখি, সেগুলো বিদেশি ছবি। তারা নিজের দেশকে ভালোবাসতে জানে। এই জিনিসটাই আমাদের দেশের চলচ্চিত্রকাররা পরিপূর্ণ হারিয়েছে। মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, মানুষের জীবনসংগ্রামের সঙ্গী হওয়া, এটা হচ্ছে সর্বশিল্পের শেষ কথা। এইটে যখন হারিয়ে যায়, তখন মানুষ সব হারায়। এর ঊর্ধ্বে কোনো কথা নেই। পয়সার জন্য উল্টোপাল্টা কাজ যেকোনো লোক করতে পারে, কিন্তু তাতে কোনো জায়গায় ব্যাপারটা পৌঁছায় না। লড়াই করাই সবচেয়ে বড়ো ঘটনা, এবং সেটা করার জন্য যত রকমের দুঃখ আসুক, আঘাত আসুক ভয় করলে চলবে না।
আমরা ছোটোবেলায় অ আ কখ শিখি। তখন খুব কষ্ট করে বুঝতে হয় যে অ-টা কী রকম। সর্বশিল্পও তাই। সমস্ত শিল্পে টেকনিক ভালো করে জানতে হবে, কিন্তু সেটা শেখার সময়। তার পরে ভুলে যেতে হবে। শেখাটা খালি ভোলার জন্য। ওটা রক্তের মধ্যে ঢুকে যাবে। আমি আমার ছবিতে কী করতে পেরেছি, ঠিক জানি না। কিন্তু এই মানসিকতাই আমাকে সব সময় পরিচালিত করেছে। এখন যা আসে, ভেতর থেকে আসে। ভেবেচিন্তে শিল্প হয় না। ওটা প্রাণের থেকে উৎসারিত একটা ব্যাপার, যদি সেটা সত্যি হয়। পৃথিবীতে শাশ্বত সত্য বলে কোনো পদার্থ নেই, যা আছে সেটাহচ্ছে নিজের উপার্জন করা সত্য।
সব শিল্পকর্মেই বিভিন্ন স্তরে রস সঞ্চারিত হয়ে থাকে। অধিকারীভেদে বিভিন্ন স্তর থেকে মানুষ রস গ্রহণ করে থাকে। সত্যিকারের মহৎ শিল্প এর সব কটা স্তরকেই ছুঁয়ে যায়, এটা হচ্ছে মহৎ শিল্পের প্রাথমিক শর্ত। এক্সপেরিমেন্ট হচ্ছে ফিল্ম ফর্মটির অবকাশ বাড়িয়ে নতুন আয়তনের পরিধিতে ব্যাপ্ত করে দেবার প্রচেষ্টা। শিল্পের যত সুষ্ঠু প্রয়োগই হোক, সম্পর্কের অভিনবত্ব প্রকাশের যত মাধুর্যময় ভঙ্গিই হোক, আঙ্গিকের অবকাশকে বাড়িয়ে তোলার সম্ভাবনা প্রকট করে না তুললে কিছুতেই এক্সপেরিমেন্ট পর্যায়ে ফেলতে আমি রাজি নই।
১৯৬১ সালে কানে চিত্রসাংবাদিকেরা মিকেলেঞ্জেলো আন্তোনিওনিকে তাঁর ছবি সম্বন্ধে কিছু বলতে বলেছিলেন। তিনি উক্তি করেছিলেন—ছবি করার গোড়ার শর্ত হচ্ছে সততা। নিজের অনুভূতি এবং উপলব্ধির সৎ প্রকাশ। ক্যামেরায় যে মিথ্যা কথা বলার মারাত্মক ক্ষমতা আছে, তা রীতিমতো ভীতিকর। কারণ, মিথ্যাকে সত্য বলে চালাতে ক্যামেরা যত পারে তত আর কিছুই পারে না। এই গভীরতম সত্যটি সচরাচর কেউ স্পষ্ট ভাষায় বলে না বলেই কথাগুলো আমার কাছে চমকপ্রদ বলে মনে হয়েছে।
কথাটাহচ্ছে, সর্বশিল্পকর্মেরই সত্যকারের শিল্পপদবাচ্য হতে হলে, সর্বপ্রথমে হতে হবে সত্যবাদী। এই হচ্ছে শিল্পবিচারের দৃঢ়তম মানদণ্ড। আমি বিশ্বাস করি, পরিচালকই হচ্ছেন সব। ছবির স্রষ্টা হচ্ছেন পরিচালক। তাঁর প্রতি শ্রদ্ধার বদলে কিছু অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে নাচানাচি শুধু অজ্ঞতার পরিচায়ক নয়, রীতিমতো পীড়াদায়ক।