যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনে ফের শক্তিশালী ‘ওরেশনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার জব্দ এবং রাজনৈতিক টানাপোড়েনের পাল্টা জবাব হিসেবে মস্কো এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রায় অসম্ভব বলে দাবি করেছেন পুতিন।
আটলান্টিক মহাসাগরে রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার জব্দ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের ঘটনায় ওয়াশিংটন ও মস্কোর মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। এর মধ্যেই শুক্রবার (১০ জানুয়ারি) রাতভর ইউক্রেনের জ্বালানি ও ড্রোন উৎপাদন কেন্দ্রে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩ হাজার কিলোমিটার। ২০২৪ সালের নভেম্বরের পর এই নিয়ে দ্বিতীয়বার ‘ওরেশনিক’ ব্যবহারের দাবি করল রাশিয়া।
মস্কোর পক্ষ থেকে এই হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাতের প্রতিশোধ হিসেবে দাবি করা হলেও কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে। এদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে, যার ফলে অন্তত সাড়ে পাঁচ লাখ মানুষ অন্ধকারে রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে না জড়িয়ে ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়িয়ে পুতিন নিজের শক্তির জানান দিতে চাইছেন। ট্রাম্প প্রশাসনের নতুন বিশ্বব্যবস্থায় নিজেকে সুবিধাজনক অবস্থানে রাখতেই এই কৌশলগত নীরবতা ও সামরিক পদক্ষেপের মিশ্রণ ঘটাচ্ছে ক্রেমলিন।