মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কারণেই ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল। শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন। এদিকে, অরবান জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠক দ্রুতই বুদাপেস্টে অনুষ্ঠিত হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনই ইউক্রেন যুদ্ধের সূচনা ঘটিয়েছিলেন, যার ফলস্বরূপ ইউক্রেন এখন অনেক ছোট হয়ে গেছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছে।
শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, বাইডেন আসলে সেই যুদ্ধটা ঘটানোর দিকেই ঠেলে দিয়েছিলেন। এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু সত্য। এখন দেখুন, ইউক্রেনের কী অবস্থা — দেশটা অনেক ছোট হয়ে গেছে, আর অসংখ্য মানুষ মারা গেছে।
এদিকে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গতকাল বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য একটি শীর্ষ বৈঠক দ্রুত যেকোনো দিনই বুদাপেস্টে অনুষ্ঠিত হতে পারে।
এর আগে গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন, 'প্রয়োজনীয় অগ্রগতি না হওয়ায়' তিনি বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি সাময়িকভাবে স্থগিত করেছেন। পরে ক্রেমলিন ও হোয়াইট হাউস উভয় পক্ষই স্পষ্ট করে জানায়, বৈঠকটি বাতিল হয়নি, বরং স্থগিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পথে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবান বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে এখনও এক-দুটি অনিষ্পন্ন বিষয় রয়েছে। সেগুলো মীমাংসা হলে কয়েক দিনের মধ্যেই বুদাপেস্টে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। পরবর্তীতে এক রেডিও সাক্ষাৎকারে অরবান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, পুতিন ও ট্রাম্পের বৈঠক বুদাপেস্টে অবশ্যই হবে।
তবে এই বৈঠকেই চূড়ান্ত সমাধান আসবে কি না, তা এখনও স্পষ্ট নয় বলেও তিনি উল্লেখ করেন।