প্রয়াত মার্কিন ধনকুবের ও যৌন অপরাধী জেফরি এপস্টাইনের ফাঁস হওয়া নতুন নথিতে নাম আসায় ইউরোপের শীর্ষ রাজনীতিকদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। এই কেলেঙ্কারির জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়েছেন। অন্যদিকে, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত এবং ফ্রান্সের সাবেক মন্ত্রীকে তলব করা হয়েছে। মূলত এপস্টাইনের সঙ্গে সন্দেহজনক আর্থিক ও ব্যক্তিগত সম্পর্কের অভিযোগেই এই তোলপাড়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ করে চরম সমালোচনার মুখে পড়েছেন। ম্যান্ডেলসনের সঙ্গে এপস্টাইনের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর স্টারমার দুঃখ প্রকাশ করে বলেছেন, তিনি প্রতারিত হয়েছেন। তবে লেবার পার্টির ভেতরেই তার বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। ইউরেশিয়া গ্রুপের মতে, স্টারমার এই বছরই ক্ষমতা হারানোর ৮০ শতাংশ ঝুঁকিতে আছেন। লন্ডনের প্রভাবশালী লবিং প্রতিষ্ঠান ‘গ্লোবাল কাউন্সিল’-এর প্রধানও এই ঘটনায় পদত্যাগ করেছেন।
নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্বজর্ন জাগল্যান্ডের বিরুদ্ধে ‘গুরুতর দুর্নীতির’ তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি নোবেল কমিটির প্রধান থাকাকালীন এপস্টাইনের কাছ থেকে অবৈধ সুযোগ-সুবিধা ও ঋণ নিয়েছেন। তার কূটনৈতিক দায়মুক্তি বাতিলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করা হয়েছে। জাগল্যান্ড তার এই সম্পর্কের জন্য 'ভুল বিচারবোধ' কাজ করেছিল বলে স্বীকার করেছেন।
ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাংকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এপস্টাইনের নথিতে তার নাম ৬০০ বারের বেশি আসায় তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ল্যাং দাবি করেছেন, তিনি এপস্টাইনকে একজন ‘শিল্প অনুরাগী’ হিসেবে চিনতেন এবং তার অপরাধ সম্পর্কে জানতেন না। তবে রাজনৈতিক চাপে তাকে তার বর্তমান পদ (আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট-এর সভাপতি) থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে।