ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেট ঘেরাওকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন।
রবিবার (১ মার্চ) সকালে বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এই সংঘাত বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহতের প্রতিবাদে করাচির মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, উত্তেজিত জনতা কনস্যুলেট ভবনের জানালা ভাঙচুর করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও আধাসামরিক বাহিনী কঠোর অবস্থানে গেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।
পাকিস্তানের সংবাদমাধ্যম 'ডন' জানিয়েছে, সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কূটনৈতিক পাড়াসহ সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। করাচি ছাড়াও ইসলামাবাদ ও লাহোরে খামেনি হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া গেছে।