ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এর প্রভাবে টানা ভারি বর্ষণ ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে, এবং অন্তত ১৭৬ জন নিখোঁজ রয়েছেন। এমন পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, সপ্তাহজুড়ে টানা বর্ষণ ও বন্যায় ১৫ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রায় ৭৮ হাজার মানুষ রাষ্ট্রীয় আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে।
সংস্থার মহাপরিচালক সম্পথ কোটুওয়েগোদা ১৩২ জনের মৃত্যু ও ১৭৬ জন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অতিরিক্ত সহায়তা মোতায়েন করা হয়েছে।
উদ্ভুত পরিস্থিতিতে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক জরুরি আইন জারি করেন। তিনি ক্ষয়ক্ষতির মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা কামনা করেছেন।
এক সপ্তাহের অবিরাম বৃষ্টিতে ১৫ হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং কমপক্ষে ৭৮ হাজার মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দ্বীপদেশটির কাছ থেকে সরে গিয়ে ভিন্ন দিকে অগ্রসর হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, টানা ভারি বর্ষণে পুরো শ্রীলঙ্কাজুড়ে ঘরবাড়ি ভেসে গেছে, সড়ক-সেতু ভেঙে পড়েছে এবং বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হওয়ায় সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে।
বন্যা-বিধ্বস্ত বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ডিএমসির মহাপরিচালক সম্পাথ কোটুউইগোদা বলেছেন, সামরিক বাহিনী মোতায়েন করায় উদ্ধার তৎপরতা জোরদার হয়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনী অনুরাধাপুরা জেলায় টানা ২৪ ঘণ্টার অভিযানে হেলিকপ্টার ও নৌবাহিনীর নৌকা ব্যবহার করে এক জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে জীবিত উদ্ধার করেছে।

দেশের মধ্যাঞ্চলের বদুল্লা জেলার বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অনেক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেখানে ত্রাণসামগ্রী পৌঁছানো যাচ্ছে না। মাসপান্না গ্রামের সামান কুমারা জানান, তাঁদের গ্রামে দুজন মারা গেছেন এবং অনেক রাস্তা ধসে পড়া মাটিতে বন্ধ হয়ে যাওয়ায় খাবার ও পরিষ্কার পানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়া এবং পানি পরিশোধন কেন্দ্রগুলো ডুবে যাওয়ায় দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।
এদিকে, শনিবার ঘূর্ণিঝড় 'ডিটওয়াহ' শ্রীলঙ্কা থেকে সরে গিয়ে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বর্ষণ ও তীব্র বাতাস বয়ে যেতে পারে।