আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘাত ও উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে, দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে জাতিসংঘ মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রতিবেশী দেশ ইরান মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। কাবুল ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে মুসলিম বিশ্বের শীর্ষ দেশগুলো।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে দীর্ঘ আলোচনা করেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা এবং চলমান উত্তেজনা কমানোর উপায় নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে।
এদিকে, প্রতিবেশী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ ও রক্তক্ষয় বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি দেশ দুটিকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং কঠোর ধৈর্য ধারণের অনুরোধ জানান। গুতেরেস মনে করেন, এই সংঘাত পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুদ্ধ বিরতি ও সংকট নিরসনে সরাসরি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আঞ্চলিক শান্তি রক্ষায় ইরান দুই দেশের মধ্যে সংলাপ আয়োজনে প্রস্তুত। শুক্রবার ভোরে দেওয়া এই প্রস্তাবের পর এখন দেখার বিষয় আফগান ও পাক সরকার কোনো কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারে কি না।