বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্রান্ট) ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২ মার্চ) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মূলত যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।
মার্কিন দূতাবাসের অফিসিয়াল বার্তায় স্পষ্ট করা হয়েছে যে, এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার জন্য। যারা পর্যটন, ব্যবসা বা চিকিৎসার মতো প্রয়োজনে স্বল্পমেয়াদি সফরে যেতে চান, সেই ভিজিটর (অ-অভিবাসী) ভিসার আবেদন প্রক্রিয়া স্বাভাবিক থাকবে। অর্থাৎ সাধারণ ভ্রমণকারীদের জন্য এই নিয়মে কোনো পরিবর্তন আসছে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলোর নাগরিকরা চাইলে অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিয়মিতভাবে ভিসা ইন্টারভিউ বা সাক্ষাৎকার কার্যক্রম চালিয়ে যাবে। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তী সময়ে এই স্থগিতাদেশ পুনর্বিবেচনা করা হতে পারে।