স্থাপত্যশৈলী আর সক্ষমতার নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ভিয়েতনাম। দেশটির রাজধানী হ্যানয়ে ১ লাখ ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতার ‘ট্রং ডং স্টেডিয়াম’ নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রায় ২৮ বিলিয়ন পাউন্ড ব্যয়ের বিশাল ‘অলিম্পিক স্পোর্টস সিটি’ প্রকল্পের অংশ হিসেবে এই ভেন্যুটি তৈরি করা হচ্ছে, যা সম্পন্ন হলে উত্তর কোরিয়ার রুংরাডো স্টেডিয়ামকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের মর্যাদা পাবে।
ভিয়েতনামের প্রাচীন ‘ডং সন ব্রোঞ্জ ড্রাম’ বা ঐতিহ্যবাহী ঢোলের আদলে এই স্টেডিয়ামের নকশা করা হয়েছে, যা দেশটির হাজার বছরের সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধন। ২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রকল্পটি। এই স্টেডিয়ামের অন্যতম প্রধান আকর্ষণ হলো বিশ্বের সবচেয়ে বড় রিট্র্যাকটেবল বা খোলা-বন্ধযোগ্য ছাদ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে বিশ্বকাপ ও অলিম্পিকের মতো বৈশ্বিক আসর আয়োজনের সক্ষমতা অর্জনই এই মেগা প্রকল্পের মূল উদ্দেশ্য। সম্পূর্ণ পরিবেশবান্ধব উপাদানে তৈরি এই আইকনিক স্থাপনাটি কেবল ক্রীড়া ভেন্যু নয়, বরং ভিয়েতনামের জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক শক্তির প্রতীক হিসেবে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করবে। পুরো স্পোর্টস সিটি প্রকল্পটি ২০৩৫ সালের মধ্যে পূর্ণতা পাবে বলে আশা করা হচ্ছে।