ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক সংঘাত নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, দুই দেশের ওই লড়াইয়ে ১০টির মতো যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। ট্রাম্পের মতে, তিনি শুল্ক আরোপের হুমকি না দিলে এই সংঘাত শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধে রূপ নিত।
সাক্ষাৎকারে ট্রাম্প নিজের ‘পারস্পরিক বাণিজ্য নীতি’র সাফল্য তুলে ধরতে গিয়ে এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, গত কয়েক বছরে তিনি শুল্ক ব্যবহারের মাধ্যমে অন্তত আটটি বড় যুদ্ধ নিষ্পত্তি করেছেন। ভারত-পাকিস্তান ইস্যু টেনে তিনি বলেন, সেদিন ১০টি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। দুই পক্ষই পারমাণবিক অস্ত্র ব্যবহারের দোরগোড়ায় ছিল। আমি তাদের বলেছিলাম, যুদ্ধ না থামলে কঠোর শুল্ক চাপানো হবে। সেই ভয়েই তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়।
যদিও ট্রাম্প ভূপাতিত বিমানগুলো কোন দেশের তা স্পষ্ট করেননি, তবে এর আগে তিনি বিমানের সংখ্যা ৫টি বলে উল্লেখ করেছিলেন; এবার সেই সংখ্যা দ্বিগুণ দাবি করলেন। এছাড়া ২০২৫ সালের আগস্টে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার শান্তি চুক্তিতে নিজের মধ্যস্থতার কথাও স্মরণ করেন তিনি। বাণিজ্য ও কূটনীতিতে নিজেকে সেরা দাবি করে ট্রাম্প গত ৫০ বছরের সব মার্কিন প্রেসিডেন্টকে বাণিজ্যের ক্ষেত্রে ‘অকার্যকর’ বলেও কটাক্ষ করেন।