যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নে নতুন এক শক্তিশালী ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন সশরীরে উপস্থিত থেকে এই ‘সলিড-ফুয়েল’ ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট পর্যবেক্ষণ করেছেন।
রবিবার (২৯ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। কার্বন-ফাইবার দিয়ে তৈরি এই ইঞ্জিনের ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি, যা পিয়ংইইয়ংয়ের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ইঞ্জিনের সর্বোচ্চ থ্রাস্ট প্রায় ২ হাজার ৫০০ কিলোনিউটন। বিশ্লেষকরা মনে করছেন, এই শক্তিশালী ইঞ্জিন ব্যবহারের ফলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো এখন একাধিক ওয়ারহেড বহন করতে পারবে, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা সহজ করে তুলবে। কিম জং উন এই পরীক্ষাকে দেশের কৌশলগত সামরিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বর্ণনা করেছেন। সলিড-ফুয়েল প্রযুক্তির বিশেষত্ব হলো, এটি ব্যবহার করে অত্যন্ত দ্রুত ও গোপনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক আলোচনা ভেঙে যাওয়ার পর থেকেই উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ও আইসিবিএম (ICBM) কর্মসূচি জোরদার করেছে। কিম জং উন সম্প্রতি দেশটিকে স্থায়ী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। যদিও বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় ওয়ারহেড সুরক্ষিত রাখার মতো কিছু কারিগরি চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া এখন যেকোনো সময়ের চেয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে।