ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় একটি শিশু চিকিৎসাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র শীতের মধ্যে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে মস্কো তাদের হামলা আরও জোরদার করেছে।
খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, রাতভর শত্রুপক্ষের ড্রোন হামলায় ৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। শহরের মেয়র ইগর তেরেখভ জানান, রুশ ড্রোনগুলো শিশুদের একটি চিকিৎসাকেন্দ্রে আঘাত করলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনজুড়ে রাশিয়ার এই দৈনন্দিন হামলা কিয়েভবাসীদের জীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে।
মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেনের কথিত হামলার পাল্টা জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। তবে কিয়েভ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এদিকে, গত সপ্তাহে রাশিয়ার অত্যাধুনিক ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ওয়াশিংটন একে যুদ্ধের ‘বিপজ্জনক মোড়’ হিসেবে আখ্যায়িত করেছে।