নিজস্ব প্রতিবেদক: সংখ্যালঘু ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করলো বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে, এমন যে কোনো অসত্য, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বয়ানকে বাংলাদেশ সরকার স্পষ্টভাষায় প্রত্যাখ্যান করছে। একই সাথে ভারতে মুসলিম, খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ‘গণ সহিংসতায়’ উদ্বেগ প্রকাশ করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।
রবিবার সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসএম মাহবুবুল আলম সরকারের এমন উদ্বেগের কথা তুলে ধরেন। একই সঙ্গে দুদিন আগে গতশুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া বক্তব্যও প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।
অপরদিকে ভারতে হওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতে মুসলিম, খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
ভারতে বড়দিন উদযাপনের বিভিন্ন আয়োজনে উগ্রপন্থি হিন্দুদের সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত সপ্তাহে খ্রিষ্ট্রানদের বড়দিন উদযাপন উপলক্ষে ভারতজুড়ে তাদের প্রতি সংঘটিত গণসহিংসতার বিষয়েও বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি, এবং আমরা ঘৃণাজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখি।
আমরা প্রত্যাশা করি, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। আমরা আশা করি যে, প্রত্যেক দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা দেয়া এবং প্রত্যেক দেশেরই তা পালন করা উচিত।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘গভীর উদ্বেগ’ জানানোর দুদিন পর এ বক্তব্য এল বাংলাদেশেরর পররাষ্ট্র মন্ত্রণালয়ের।