বাঙালির ইতিহাসে ত্যাগ ও বীরত্বের মাস 'অগ্নিঝরা মার্চ' শুরু হয়েছে। ১৯৭১ সালের এই মাসেই সূচিত হয়েছিল স্বাধীনতার চূড়ান্ত সংগ্রাম। ইয়াহিয়া খানের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন কালক্রমে রূপ নেয় সশস্ত্র মুক্তিযুদ্ধে। ইতিহাসের এই উত্তাল দিনগুলো স্মরণ করে জাতি আজ গভীর শ্রদ্ধায় বীর সন্তানদের অভিবাদন জানাচ্ছে।
১৯৭১ সালের ১ মার্চ তৎকালীন পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করলে বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা। ২ ও ৩ মার্চ হরতাল পালনের মধ্য দিয়ে শুরু হয় অসহযোগ আন্দোলন। এরপর ৭ মার্চ রেসকোর্স ময়দানে আসে ঐতিহাসিক সেই ডাক, যা বাঙালিকে চূড়ান্ত লড়াইয়ের মন্ত্রে দীক্ষিত করে।
মার্চের বিভীষিকা ফুটে ওঠে ২৫শে মার্চের কালো রাতে, যখন নিরীহ বাঙালিদের ওপর বর্বরোচিত গণহত্যা শুরু করে হানাদার বাহিনী। সেই সংকটময় মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মুক্তিকামী মানুষকে প্রতিরোধের সাহস জোগায়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের স্ফুলিঙ্গ এই মার্চেই প্রজ্বলিত হয়েছিল, যার চূড়ান্ত পরিণতি ছিল ১৬ ডিসেম্বরের বিজয়। অগ্নিঝরা এই মার্চ আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা দেয়।