এন রায় রাজা : বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহষ্পতিবার সন্ধ্যা ৬ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে চলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সমগ্রজাতি আজ সন্ধ্যা ৬টার আগেই বসবেন টেলিভিশনের সামনে। জাতীর উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। বহু কাঙ্খিত এ তফসিল যেন জনসাধারণের বহু দিনের স্বপ্ন পূরণ। কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। যার প্রধান হিসেবে আছেন প্রফেসর ড. ইউনূস। তবে নির্বাচন নিয়ে দেশের মানুষের মাঝে ছিল এক ধরনের শঙ্কা, কবে হবে নির্বাচন। অবশেষে সেই শঙ্কার অবসান হচ্ছে আজ।
গত কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সব শেষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি সকলকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবগত করার সঙ্গে সঙ্গে সকলের সহযোগিতাও চান। এবং যে যার স্থান থেকে সিইসিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার সহযোগীতার আশ্বাস দেন। এর পরে স্বল্প সময়ে আসীন এ কমিশনের ঘাড়ে পড়েছে গণভোটও। একইদিনে সেটিও নিতে হবে বর্তমান ইসিকে। তাই সব মিলিয়ে সত্যি যে নির্বাচন হতে চলেছে, এবং আজ তার তফসিল ঘোষণা হচ্ছে এ নিয়ে জনমনে আনন্দ ও উৎকন্ঠার শেষ নেই। কেননা এ দেশের মানুষ মনে করে ‘হাত না আঁচালে বিশ্বাস নেই’ এমনতর একটি ধারণা তাদের মধ্যে গ্রথিত হয়ে আছে। বহু বার স্বৈরশাসক বা অন্য কোন ভাবে অগণতান্ত্রিক সরকার বাংলাদেশ শাসন করেছে, তাদেরকে তাড়াতে রক্ত ঢালতে হয়েছে মানুষকে। যা হোক আজ সন্ধ্যায় দেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল। যা গতকাল বাংলাদেশ টেলিভিশন ও বেতারে রেকর্ড করা হয়েছে। আজ তা প্রচার করা হবে। জাতীর উদ্দেশ্যে ভাষণে সিইসি যেমন ভোটের দিনক্ষণ তুলে ধরবেন তেমনি তিনি দেশবাসীর প্রতি তার ইসির প্রতিকুলতা, প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ তুলে ধরে দেশবাসীকে নির্বাচনে সহযোগীতার হাত বাড়িতে দিতে আহ্বান জানাবেন।
একইসাথে আহ্বান জানাবেন দেশের সব শ্রেণীর আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনীসহ ভোট কর্মী ও প্রশাসনকে। সব মিলিয়ে প্রথম থেকেই বর্তমান নির্বাচন কমিশন বলে আসছে তারা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন এ বাংলাদেশকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান। এ নির্বাচন যদি ‘দিনের ভোট রাতে’ হয় তাহলে দেশ থেকে গণতন্ত্র নিশ্চিহ্ণ হয়ে যাবে। তাই এবারের ইসির দৃঢ়তা তাদের মনোবল প্রসংসার যোগ্য বলেও কেউ কেউ মনে করছেন। তবে যার শেষ ভালো তার সব ভালো, এটা সবাই দেখতে চান।
এদিকে তফসিল ঘোষণার পরে ৪০-৪৫ দিনে মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার রেওয়াজ আছে। সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারী মাসের প্রথমার্ধে অর্থাৎ ১২-১৫ তারিখের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অনেকে মনে করছেনে নির্বাচনের দিনক্ষণ ফেব্রুয়ারীর ৮-১২ তারিখেও হতে পারে।
ইসি আগেই জানিয়েছিল, সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন; বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে। গণভোটেও ভোট দিতে পারবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা।
দেশবাসী দেখতে চান বর্তমান সিইসি নাসির উদ্দিনের ইসি কতটা সফলতার সাথে নির্বাচন সম্পন্ন করতে পারেন।