মঙ্গলবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের নিজ বাড়িসংলগ্ন কামারহাট মসজিদ মাঠে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের। শেষ বিদায়ে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শত শত মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।নিহত দুই ভাই গনিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আবদুল মালেকের ছেলে। বড় ভাই সজীব দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। চলতি বছরের শুরুতে ছোট ভাই সুজনকে কাজের সহযোগিতার জন্য নিজের কাছে নিয়ে যান।
পরিবারের সদস্যরা জানান, ১৫ জুলাই রাতে খেজুরবোঝাই একটি পিকআপে করে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।এই মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই শোকে ভেঙে পড়ে পরিবার। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সোমবার রাতে দুই ভাইয়ের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শেষবারের মতো একনজর দেখতে শত শত মানুষ ভিড় করেন।

কান্নাজড়িত কণ্ঠে বাবা আবদুল মালেক বলেন,
"ঋণ করে দুই ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। ভেবেছিলাম তারা পরিশ্রম করে সংসারের অভাব ঘুচাবে, ঋণ শোধ করবে। কিন্তু সেই ঋণও শোধ হলো না, আমার দুই ছেলেও আর ফিরল না।"
তার এই আহাজারিতে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।নিহত সজীবের রেখে যাওয়া স্ত্রী ও দুই বছর বয়সী একটি সন্তান এখন পরিবারের সবচেয়ে বড় অনিশ্চয়তার মুখোমুখি। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছে পুরো পরিবার।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সজীব ও সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী এবং সবার প্রিয় মানুষ। তাঁদের অকাল মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো গনিপুর গ্রামের জন্যই অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা শোক প্রকাশ করে বলেন,
"একসঙ্গে দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।"দুই ভাইয়ের পাশাপাশি কবর যেন গ্রামের মানুষের কাছে আজও একটি প্রশ্ন রেখে গেছে—বিদেশে গিয়ে পরিবারকে সুখী করার স্বপ্ন কি সব সময় পূরণ হয়? অনেক সময় সেই স্বপ্নই হয়ে ওঠে এক পরিবারের আজীবনের কান্নার কারণ।