পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, গণভোটে জয়ী ‘হ্যাঁ’ ভোট পার্লামেন্টে বিল উত্থাপনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। একে ‘জুলাই সনদ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, এর জন্য আলাদা শপথের প্রয়োজন নেই।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিপ্লবোত্তর বাংলাদেশে গণভোটের কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, সংসদীয় প্রক্রিয়ায় বিল হিসেবে আসার মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোট কার্যকর হবে। যেখানে ‘না’ ভোট বা আপত্তি এসেছে, সেগুলো নিয়ে আইনবিদদের পরামর্শে সংসদে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
একই সাথে দেশে চলমান ‘মব কালচার’ বা বিশৃঙ্খলার তীব্র সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, "নতুন বাংলাদেশ গড়ার পথে মব বা বিশৃঙ্খলা বড় বাধা। যারা এসব করছেন, তাদের এই পথ থেকে সরে আসতে হবে।" সবাইকে দায়িত্বশীল জায়গা থেকে কাজ করার এবং মব কালচার পরিহার করার আহ্বান জানান তিনি।
এ্যানি আরও বলেন, দেশ গড়ার স্বার্থে সবাইকে আন্তরিক হতে হবে এবং বিরোধিতার খাতিরে বিরোধিতা করার মানসিকতা ত্যাগ করতে হবে। শ্রদ্ধা নিবেদনকালে তাঁর সঙ্গে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।