স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী মার্চ মাসের ১২ তারিখ অথবা তার দু-এক দিন আগে অনুষ্ঠিত হতে পারে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম অধিবেশনেই নির্বাচন করা হবে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিরোধী দল হয়েছে জামায়াতে ইসলামী।
ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। সংসদ সদস্যরা শপথ নিয়েছেন ১৭ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসতে হবে।