বাংলাদেশে সুন্নি মুসলিম রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইরান। ১৪তম ইরানি সরকারের অধীনে নিযুক্ত হওয়া প্রথম সুন্নি মুসলিম রাষ্ট্রদূত হলেন জলিল রহিমি জাহনাবাদী।
বুধবার (২০ নভেম্বর) তিনি ঢাকায় তাঁর নতুন দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা নিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেন। এই নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জলিল রহিমি এর আগে দুবার ইরানের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের সংখ্যাগরিষ্ঠ মানুষ শিয়া মুসলিম হওয়ায় সুন্নি মুসলিম রাষ্ট্রদূত হিসেবে জলিল রহিমি জাহনাবাদীর এই নিয়োগ তাৎপর্যপূর্ণ। তিনি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে ঢাকায় বাণিজ্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। জ্বালানি, অবকাঠামো এবং কৃষি উন্নয়নে ইরানের আগ্রহ থাকায়, এই নতুন রাষ্ট্রদূতের ভূমিকা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।