বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বিশ্বাসযোগ্য’ ও ‘অংশগ্রহণমূলক’ হিসেবে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক ব্রিফিংয়ে মিশনের প্রধান ইভার্স ইজাবস এই মূল্যায়ন তুলে ধরেন। তিনি জানান, ২০০৮ সালের পর এই প্রথম একটি সত্যিকারের প্রতিযোগিতামূলক নির্বাচন দেখল বাংলাদেশ, যা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ।
ইইউ মিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, নির্বাচন কমিশন অত্যন্ত স্বাধীন ও পেশাদারত্বের সঙ্গে কাজ করেছে এবং অংশীজনদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ২০০৮ সালের পর এই প্রথম এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলো যেখানে প্রার্থীরা সমাবেশের স্বাধীনতা ভোগ করেছেন এবং প্রচারণা ছিল বেশ প্রাণবন্ত।
এছাড়া এবারই প্রথম প্রায় ৭ লাখ ৭০ হাজার প্রবাসী ভোটার ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, যা একটি বড় ইতিবাচক দিক। তবে কমিশনের আইনি কাঠামো উপযোগী হলেও ভবিষ্যতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আরও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মিশন মনে করে।
নির্বাচনের কিছু নেতিবাচক দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল মাত্র ৪ শতাংশ, যা অত্যন্ত হতাশাজনক। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত ৩০টি বড় ধরনের ভুয়া তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচারণা শনাক্ত করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে।
পাশাপাশি প্রচারণার শেষ দিকে অন্তত ৫৬টি সহিংসতার ঘটনায় শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে। ইভার্স ইজাবস বিশেষ করে প্রতিবন্ধী ভোটারদের জন্য ভোটকেন্দ্রের প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।