উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আসনগুলো হলো পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ এবং ফরিদপুর-৪।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত এই নতুন সীমানা অনুযায়ী আসন্ন নির্বাচনের কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে এই সীমানা পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন গেজেট অনুযায়ী, পাবনা-১ (আসন ৬৮) এখন থেকে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন (বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন) নিয়ে গঠিত হবে। অন্যদিকে, পাবনা-২ (আসন ৬৯) গঠিত হবে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার অবশিষ্ট অংশ (উল্লিখিত পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন ব্যতীত) নিয়ে।
ফরিদপুর জেলার ক্ষেত্রে ফরিদপুর-২ (আসন ২১২) আসনের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে নগরকান্দা ও সালথা উপজেলাকে। এছাড়া ফরিদপুর-৪ (আসন ২১৪) আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা নিয়ে। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আদালতের নির্দেশে এই সমন্বয় করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।