আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৯ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধনের সুযোগ পাবেন ভোটাররা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দিগন্ত উন্মোচন করেছে পোস্টাল ব্যালট পদ্ধতি। সোমবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যানুযায়ী, মোট ৯ লাখ ৩৮ হাজার ৮২৫ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, আবেদনকারীদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লাখ ৩৬ হাজার ৩৬২ জন এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৬১ জন। নিবন্ধিতদের মধ্যে বাংলাদেশ থেকে আবেদন করেছেন ৩ লাখ ৪৫ হাজার ২১ জন। বাকি ভোটাররা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধিত হয়েছেন।
যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন এবং দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন। এছাড়াও মিশর, হংকং, ব্রাজিল, আর্জেন্টিনা ও ইউরোপ-আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী ভোটাধিকার প্রয়োগের আগ্রহ দেখিয়েছেন।
ইসি ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। ভোটাররা তাদের ব্যালট পেপার হাতে পাওয়ার পর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। গত ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ইসির এই উদ্যোগের ফলে প্রবাসী এবং যারা সশরীরে কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য ভোটাধিকার প্রয়োগ সহজতর হয়েছে।