চাকরিকালীন মেয়াদ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং সেনাপ্রধানের দায়িত্ব পালনকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বৈঠককালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিদায়ী সেনাপ্রধানকে তাঁর সফল মেয়াদের জন্য অভিনন্দন জানান। বিশেষ করে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও অনন্য সহযোগিতার জন্য তিনি জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের ক্রান্তিলগ্নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন হয়েছে। সেনাপ্রধানও তাঁর দায়িত্ব পালনকালে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তায় সেনাবাহিনীর এই অবদান জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।