অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সরকার ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ সময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদেরও থাকার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে আগামী নির্বাচন, দেশের সার্বিক ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে গত বছরের মে মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।
পরবর্তীতে গত ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফোনালাপ হয়। ওই ফোনালাপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করার পর গত ৩১ ডিসেম্বর সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজার সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেখা হয়। তবে দেশে ফেরার পর আজকের সাক্ষাৎটি হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বেশ কিছুদিন ধরেই গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এমন প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনের আগে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে সরকারপ্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।