স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার নতুন করে পিলখানা হত্যাকাণ্ড কোনো তদন্ত কমিশন করবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহিদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। আমরা সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টারিম গভর্মেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। তবে রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনও পদক্ষেপ নেয়া হয়নি। আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা পুরো না দেখে কিছু কথা বলেছি, যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনও তদন্ত কমিশন করবো না।
তিনি বলেন, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই ওই কমিশন গঠিত হয়েছিল। কমিশনের রিপোর্টে আমি একনজরে যা দেখেছি, তাতে যে সমস্ত সুপারিশমালা এসেছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। বিচারাধীন যে মামলাগুলো আছে সেগুলো সমাপ্ত করা হবে।
মন্ত্রী আরও বলেন, অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এবং শহিদ পরিবারদের আশ্বস্ত করতে চাই যে, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। যাতে এই জাতীয় কোনও ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। সেনাবাহিনীকে দুর্বল করাই একটা লক্ষ্য ছিল। এ কাজটা তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।