মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে ১৮০ দিন পর মন্ত্রিসভায় রদবদল হবে, এমন কোনো সিদ্ধান্ত বা ইঙ্গিতও সরকার দেয়নি।
জাদুঘরে আগে প্রদর্শিত ফেলানী হত্যাকাণ্ড কিংবা ভারতীয় আধিপত্যবিরোধী বিভিন্ন বিষয় এখন আর দেখা যাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, জাদুঘরে কী প্রদর্শন করা হবে, তা নিয়ে সবসময়ই বিতর্ক থাকতে পারে। কারণ বিষয়টি নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বাংলাদেশের দীর্ঘদিনের বাস্তবতা, এটি কোনো নির্দিষ্ট সরকারের সময়ের ঘটনা নয়। তবে জাদুঘরের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সময় কীভাবে একটি ‘মাফিয়া ব্যবস্থা’ এবং এর রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামো তৈরি হয়েছিল, তা তুলে ধরা। নিচতলায় সেই কাঠামো তৈরির প্রক্রিয়া এবং ওপরের তলায় শেখ হাসিনা সরকারের রাজনৈতিক পরাজয় ও ক্ষমতাচ্যুতির বিষয় তুলে ধরা হয়েছে। তিনি স্বীকার করেন, প্রদর্শনীর কিছু অংশ পরিবর্তন করা হয়েছে।
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন কি না, জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এর সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনাটি যথেষ্ট বেশি। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। সরকারের ছয় মাসের কার্যক্রম মূল্যায়নের কাজ চলছে। ১৮০ দিনকে শুধু একটি নির্দিষ্ট সময় হিসেবে না দেখে সরকার কী করেছে এবং কোথায় আরও কাজ করা প্রয়োজন, সেটি মূল্যায়ন করাই বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
১৮০ দিন পর মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা ইঙ্গিত সরকার দেয়নি। তবে প্রধানমন্ত্রী নিয়মিত মন্ত্রী ও মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন করবেন। বিষয়টি ১৮০ বা ৩৬৫ দিনের সঙ্গে সম্পর্কিত নয়। প্রয়োজন হলে দায়িত্ব পুনর্বণ্টনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের দায়িত্ব পরিবর্তন করা হতে পারে, এমন আলোচনা বাইরে রয়েছে বলেও জানান তিনি। তবে ১৮০ দিন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে বড় ধরনের রদবদল হবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি।
ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিষয়টি ভারতের কাছে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছে। সরকারের বিবৃতি এবং পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই বাংলাদেশের অবস্থান স্পষ্ট হয়েছে। বাংলাদেশ যাঁকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনতে চায়, তিনি ভারতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো বা সংবাদ সম্মেলন করার সুযোগ পাওয়ায় বাংলাদেশ উদ্বিগ্ন। বিষয়টি ভারতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং দণ্ডিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আইনের আওতায় আনতে বাংলাদেশ তাঁকে ফেরত চাচ্ছে। ভবিষ্যৎ সম্পর্কের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির দায়িত্ব ভারতেরও রয়েছে।
ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয়
গত ১৭ বছরে যেভাবে ব্যক্তি বা দলকেন্দ্রিক সম্পর্ক তৈরি হয়েছে, সেই ধারায় আর সম্পর্ক এগোনোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখেই ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারিত হবে।
- প্রকাশের সময় : 11-08-2026 | 03:23 PM
সর্বশেষ সংবাদ