সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাস্থলে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া ও ক্ষমা চেয়েছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, তাঁর মা যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকেন, তবে যেন তাঁকে ক্ষমা করে দেওয়া হয়। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত এই জানাজায় লাখো মানুষের ঢল নামে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে উপস্থিত শোকাতুর জনতাকে উদ্দেশ্য করে তারেক রহমান আবেগপূর্ণ এক সংক্ষিপ্ত ভাষণ দেন। তিনি বলেন, আমার মা বেগম খালেদা জিয়া কারো মনে কষ্ট দিয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দেবেন এবং সবাই তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর শেষ বিদায়ে অংশ নিতে আগের রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হতে থাকেন। জানাজা শেষে এখন তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার প্রক্রিয়া চলছে।