চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে দুটি লঞ্চের ভয়াবহ সংঘর্ষে ৪ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটিকে ঝালকাঠি টার্মিনাল থেকে আটক করেছে নৌ-পুলিশ। দুর্ঘটনার পর লঞ্চের চালক ও প্রধান কর্মীরা পালিয়ে গেলেও চারজন কেবিন বয়কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
চাঁদপুর সদরের হরিণা এলাকায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে ‘জাকির সম্রাট-৩’ এবং ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকা নেওয়ার পথে আরও একজন প্রাণ হারান। সব মিলিয়ে এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে নৌ-পুলিশ।
নিহতরা হলেন—ভোলার লালমোহনের আব্দুল গণি (৩৮) ও মো. সাজু (৪৫), একই এলাকার রিনা (৩৫) এবং চরফ্যাশনের মো. হানিফ (৬০)। এছাড়া আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টোর নেতাকর্মীদের নিয়ে তারেক জিয়ার জনসভায় যোগ দিতে লঞ্চটি ঢাকা গিয়েছিল। ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে ভিড়লে বরিশাল নৌ-পুলিশ সেটিকে নিজেদের হেফাজতে নেয়।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ মাহমুদ জানান, পুলিশ পৌঁছানোর আগেই লঞ্চের সারেং, সুকানী ও চালকসহ মূল দায়িত্বশীলরা পালিয়ে যান। বর্তমানে আটক চারজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান জানিয়েছেন, এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।