ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট স্থগিতের সম্ভাব্য সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের আটজন সংসদ সদস্য (এমপি)। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বুকিং সিস্টেমে এই রুটের ফ্লাইট না পাওয়ায় তারা বিচ্ছিন্নের আশঙ্কা করছেন। এ বিষয়ে দ্রুত ব্যাখ্যা এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।
যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্ট অঞ্চলের আট ব্রিটিশ এমপি বিমান বাংলাদেশের সিইও শাফিউল আজিমকে এক যৌথ চিঠিতে তাদের উদ্বেগের কথা জানান। এমপিরা উল্লেখ করেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইটের কোনো বুকিং নেওয়া হচ্ছে না, অথচ বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এই সরাসরি ফ্লাইটটি উত্তর ইংল্যান্ডে বসবাসরত বিশাল বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অসুস্থ ও প্রবীণ যাত্রীদের যাতায়াতের জন্য এটিই একমাত্র সহজ মাধ্যম।
চিঠিতে স্বাক্ষরকারী এমপিরা সতর্ক করে বলেন, সরাসরি ফ্লাইট বন্ধ হলে যাত্রীদের বিকল্প রুটে অতিরিক্ত অর্থ ও শারীরিক কষ্ট সহ্য করতে হবে। তারা বিচ্ছিন্নের কারণ স্পষ্ট করা এবং গুরুত্বপূর্ণ এই সেবাটি বজায় রাখার আহ্বান জানান। চিঠির একটি অনুলিপি লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছেও পাঠানো হয়েছে। ব্রিটিশ এমপিরা মনে করেন, ব্যবসায়িক দিক ছাড়াও মানবিক ও সামাজিক কারণে এই রুটের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই তারা ক্ষতিগ্রস্ত কমিউনিটির প্রতিনিধিদের সাথে দ্রুত আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন।