পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি রমজানের পবিত্রতা রক্ষা এবং এই মাসের শিক্ষা ব্যক্তি ও জাতীয় জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান। তিনি পবিত্র এই মাসকে আত্মশুদ্ধি, ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতার মাস হিসেবে অভিহিত করেন।
প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে উল্লেখ করেন যে, রমজান আমাদের অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। সিয়াম সাধনা ও ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি এটি দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করারও এক অনন্য সুযোগ। তিনি কেবল ধর্মীয় আচার পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সত্যনিষ্ঠা, সততা ও মানবিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অধ্যাপক ইউনূস দেশবাসীকে হিংসা-বিদ্বেষ ও ভোগবিলাস পরিহার করে শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানান। তিনি দোয়া করেন যেন মহান আল্লাহ সবার নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন। পরিশেষে, তিনি মহান আল্লাহর কাছে সবার ক্ষমা ও হেফাজত কামনা করে এই পবিত্র মাসের মর্যাদা বজায় রাখার অনুরোধ জানান।