আজকের সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ এবং একে দেশ ও জনগণের স্বার্থে অর্থবহ করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, স্পিকার এখন কোনো নির্দিষ্ট দলের নন, বরং পুরো সংসদের অভিভাবক। সংসদকে প্রাণবন্ত করতে সরকার স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং সংসদকে অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। তিনি বর্তমান সংসদকে 'জনগণের সংসদ' হিসেবে অভিহিত করে বলেন, এখানে সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এসেছেন।
তারেক রহমান আরও উল্লেখ করেন, সরকার কেবল বিরোধিতার জন্য বিরোধিতা চায় না, বরং সুনির্দিষ্ট যুক্তি ও গঠনমূলক বিতর্কের মাধ্যমে সংসদকে কার্যকর দেখতে চায়। এক্ষেত্রে স্পিকারের নিরপেক্ষ ও গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বক্তব্যের শেষে তিনি নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে মহান আল্লাহর দরবারে সংসদের সফলতা কামনা করেন এবং 'বাংলাদেশ জিন্দাবাদ' বলে বক্তব্য শেষ করেন।