ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় বরাদ্দ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী ২৭টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং ৯৭টি সিদ্ধান্ত প্রস্তাব পাওয়া গেছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, স্পিকার প্রয়োজনে অধিবেশনের সময় বা কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা রাখবেন। ত্রয়োদশ সংসদের প্রথম এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলো উঠে আসবে বলে আশা করা হচ্ছে।