নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাজায় অংশ নিতে দলটির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সাধারণ মানুষ আসছেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে।
কালো পোশাক ও ব্যাজ পরে, দলীয় পতাকা হাতে খালেদা জিয়ার জানাজাস্থলে জড়ো হচ্ছেন মানুষ।

বেলা যত বাড়ছে মানিক মিয়া এভিনিউ যেন ঠাই নাই ঠাই নাই অবস্থা। লাখ লাখ মানুষ পায়ে হেঁটে এখানে আসছেন। তাঁদের মধ্যে কেউ মহাখালী, কেউ খুলনা, যশোর বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন।
জানাজা ঘিরে মানিক অ্যাভিনিউ ও সংসদ ভবনের আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। খালেদা জিয়ার জানাজার কারণে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট র্যাম্প বন্ধ রাখা হয়েছে। জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিরা র্যাম্পে নামার জায়গায় গাড়ি রেখে হেঁটে রওনা দেন।

এদিকে জানাজায় অংশ নিতে রাজধানী ও দেশের নানা প্রান্ত থেকে আসা নেতা-কর্মী ও সাধারণ মানুষকে মানিক মিয়া অ্যাভেনিউয়ের পূর্বপ্রান্তে আর্চওয়ে গেইট পার হয়ে প্রবেশ করতে হচ্ছে।
কালো পোশাক ও ব্যাজ পরে, দলীয় পতাকা হাতে খালেদা জিয়ার জানাজাস্থলে জড়ো হচ্ছেন মানুষ।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬ টায় মারা যান খালেদা জিয়া। ওই হাসপাতালে তিনি চিৎসাধীন ছিলেন ৪০ দিন ধরে।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর বিদায়ের দিনে দেশজুড়ে শোকের আবহ চলছে।