ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার আওতায় সংবাদকর্মীরা থাকছেন না বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে সাংবাদিকদের প্রতিনিধি দলের বৈঠকের পর এই আশ্বাস পাওয়া গেছে। শীঘ্রই এই সংক্রান্ত একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নেতারা। বৈঠক শেষে আরএফইডি সভাপতি কাজী জেবেল সাংবাদিকদের জানান, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে যে অঘোষিত নিষেধাজ্ঞা তৈরি হয়েছিল, তা নিয়ে কমিশন নমনীয় অবস্থানে রয়েছে।
ইসিকে জানানো হয়েছে যে, বর্তমান সময়ে ডিজিটাল পদ্ধতিতে সংবাদ সংগ্রহ ও তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানে মোবাইল ফোন একটি অপরিহার্য উপকরণ। এই মাধ্যমটি বন্ধ করা হলে নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। আরএফইডির এই আপত্তির প্রেক্ষিতে ইসি আশ্বাস দিয়েছে যে, সাংবাদিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না এবং দ্রুতই বিষয়টি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করা হবে।
উল্লেখ্য, গতকাল (৮ ফেব্রুয়ারি) ইসির এক নির্দেশনায় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ব্যক্তি ও ভোটারদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছিল। সেই নির্দেশনায় সাংবাদিকদের নাম উল্লেখ না থাকায় এক ধরনের অনিশ্চয়তা ও ক্ষোভের সৃষ্টি হয়, যা নিরসনে এখন কমিশন পদক্ষেপ নিচ্ছে।