ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা নিশ্চিত করেন, হাদির চিকিৎসার জন্য যা প্রয়োজন, সরকার তার ব্যবস্থা করবে এবং অর্থ বরাদ্দ নিয়ে কোনো দ্বিধা ছিল না। গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা তাঁর চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, হাদিকে বিদেশে পাঠানোর বার্তা আসার পর তাঁরা তাৎক্ষণিকভাবে অর্থ বরাদ্দে সম্মতি দেন। তিনি উল্লেখ করেন, হাদিকে যখন বলেছে বাইরে পাঠানো হবে তো অবভিয়াসলি টাকা ইনভলভ, আমরা বলেছি যে যাই লাগে আমরা প্রস্তুত। তিনি আরও জানান, অর্থমন্ত্রালয় তাদের নিজস্ব বাজেট থেকেই আপাতত এই খরচ বহন করছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং রোববার জানিয়েছিল, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রধান উপদেষ্টা তাঁর চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন।