ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ফয়সাল করিম মাসুদের স্ত্রী ও বান্ধবীসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু। মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
সোমবার আসামিদের আদালতে হাজির করার পর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করলে আদালত এই তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান হাদির মাথায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়।
এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেদ বাদী হয়ে পল্টন মডেল থানায় হত্যাচেষ্টার মামলা করেন। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলেও, অবস্থার অবনতি হওয়ায় আজই তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে বেশ সংকটাপন্ন।