ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোট দেওয়ার সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি থেকেই ছুটির আওতায় আনা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস সচিব জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন আগে থেকেই সাধারণ ছুটি নির্ধারিত ছিল। আজ মন্ত্রিসভার বৈঠকে নতুন করে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের জন্য ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক ও কর্মচারীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। মূলত দূর-দূরান্তের ভোটারদের নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণার ফলে ভোটারদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে প্রশাসন।