বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ৫৪৫ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে সংশোধিত ৫৬৫টি শূন্য পদের বিপরীতে এই সুপারিশ করা হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ৪৫৭টি শূন্য পদ এই তালিকা থেকে বাতিল করা হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা–২০২২ এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আবেদনপত্রে সংযুক্ত সনদ ও তথ্যের ভিত্তিতে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে নিয়োগের আগে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সব সনদ ও ডকুমেন্টের সত্যতা যাচাই করে নিশ্চিত হতে হবে। মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।
বিজ্ঞপ্তিতে পিএসসি সতর্ক করেছে যে, কোনো প্রার্থী যদি আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য দেন, তথ্য গোপন করেন, জাল সনদ জমা দেন কিংবা প্রতারণায় জড়িত থাকেন— তাহলে তাঁর মনোনয়ন বাতিল হবে। এমনকি চাকরিতে যোগদানের পরও এ ধরনের তথ্য প্রমাণিত হলে ফৌজদারি আইনে ব্যবস্থা সহ চাকরি থেকে বরখাস্ত করা হবে।
৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের ফলাফল পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।