নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পে আজ শুক্রবার সারা দেশে ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সকালে ঢাকাসহ সারা দেশে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে ঢাকা, নরসিংদী ও গাজীপুরে আহত হয়েছেন অর্ধশতাধিক। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী বলে জানা গেছে। রিকটর স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ । এরমধ্যে ঢাকায় ৩, নারায়ণগঞ্জে নিহত ২, এবং নরসিংদীতে নিহত ২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঢাকায় ৩ নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। একজনের নাম রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, তবে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেছেন, তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র।
মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত আরেকজনের নাম সবুজ। তার বয়স ৩০ বছর। ৮ বছরের একটি শিশুর মরদেহ আনা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন।
মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ জানান. ভূমিকম্পের পর তিনজনের মরদেহ আনা হয়েছে। পুরান ঢাকা থেকে তাঁদের মরদেহ আনা হয়।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সকালে বলেন, ভূমিকম্পের সময় পুরান ঢাকার কসাইটুলি এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন ঘটনাস্থলে নিহত হন। তাঁরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে সকালে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নারায়ণগঞ্জে নিহত ২
রূপগঞ্জ উপজেলায় ভূকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। একই উপজেলায় ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এছাড়া ওই জেলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নরসিংদীতে নিহত ২
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছেন ১০ জন।
নরসিংদী জেলা হাসপাতালে আহত ৪৫ জনের মধ্যে ৩ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে আহত হয়েছেন ১০ জন।
টেলিফোনে হতাহত ব্যক্তির এসব খবর জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
সরেজমিন সকালে দেখা যায়, কসাইটুলিতে ২২/সি কেপিগোজ স্ট্রিট গলিতে রক্ত পড়ে আছে। পাঁচতলা ভবনে ভেঙে পড়া রিলিং সরাচ্ছে ফায়ার সার্ভিস।
স্থানীয় লালবাগের লোকজন বলেন, ‘ভূমিকম্পের সময় সবাই ছোটাছুটি করছিল। পরে এখানে একজন শিশুসহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বহুতল ভবন ধেকে মানুষ যে যা পরা ছিল সে অবস্থায় নিচে নেমে আসে, অনেকে ফাঁকা জায়গায় অবস্থান নেন।
ফায়ার সার্ভিস ঢাকা সদর জোন ১–এর জোন কমান্ডার এনামুল হক বলেন, ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, তাঁরা খোঁজ করছেন।
তবে সারা দেশের মধ্যে সিলেটে ভূমিকম্প বেশী অনুভূত হয় বলে জানা গেছে।